খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

এলাকা থমথমে : রূপসায় জয় ঢালী হত্যায় ১৩ জনের নামে মামলা

রূপসা প্রতিনিধি |
০২:১৮ এ.এম | ১৭ অগাস্ট ২০২৬


খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুজনীমহল গ্রামে জয় ঢালী (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রম হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে গত শুক্রবার রাতে দুজনীমহল গ্রামের ‘শহীদের মোড়’ নামক স্থানে জয় ঢালীর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। হত্যাকাণ্ডের নেপথ্যে কেবল পূর্ব শত্র“তা নাকি অন্য কোনো বিষয় জড়িত রয়েছে-তা খতিয়ে দেখছে পুলিশ। 
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনার মূল রহস্য ও মোটিভ উদ্ধারে কাজ চলছে। ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে রোববার থেকে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকার দোকানপাট খুলতে শুরু করলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে থমথমে অবস্থা ও চাপা আতঙ্ক বিরাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ