খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ২ ভাদ্র ১৪৩৩

সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছে সরকার: রিজভী

খবর প্রতিবেদন |
০৩:৩৪ পি.এম | ১৭ অগাস্ট ২০২৬

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নসহ প্রত্যেকটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি রক্ষার্থে চেষ্টা করে যাচ্ছেন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি ভঙ্গুরস্তুপের উপর দাঁড়িয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার তথা জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধুষর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে। কে কখন অদৃশ্য হবে তার কোনও ইয়ত্তা ছিল না। বিচারবহির্ভূত হত্যা লেগেই ছিল এবং প্রত্যেকটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, কেউ খালের ধারে, কেউ নদীর ধারে, কেউ পুকুরের ধারে, প্রতিদিন একটার পর একটা লাশ পাওয়া যেত। সেটা উপজেলা চেয়ারম্যান কিংবা সংসদ সদস্য অথবা কোনও ছাত্রনেতা কেউ বাদ যায়নি। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের মধ্যে দিয়ে আমরা ৫ আগস্ট পেলাম।

কিন্তু এই লেগেসির ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব নয়।  সে সময়ে বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে গেল। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। অর্থনীতির এক কঠিন অবস্থা, লোক দেখানো কিছু মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। যেটা অত্যন্ত অবাস্তব এবং অত্যন্ত অসত্য সেই পরিস্থিতি, সেই লেগেসি ধারা থেকে আজকে নতুন একটি সরকার গঠিত হলো। যে সরকার অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়নে সরকার প্রধান ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বলুন, কৃষক কার্ড বলুন, খাল খনন বলুন, বৃক্ষরোপণ বলুন নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, হুমায়ূন কবির, জাহিদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী , অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

প্রিন্ট

আরও সংবাদ