খুলনা | সোমবার | ১৭ অগাস্ট ২০২৬ | ২ ভাদ্র ১৪৩৩

ইউটিউব মনিটাইজেশনের নিয়ম বদলে গেল, কঠিন হলো আয়ের পথ

খবর প্রতিবেদন |
০৫:১৫ পি.এম | ১৭ অগাস্ট ২০২৬

 

ইউটিউব থেকে টাকা উপার্জন করা এখন আরও কঠিন হয়ে উঠেছে। প্ল্যাটফর্মটি তাদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি-র (YPP) নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে। এর ফলে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় শুরু করা আগের চেয়ে দ্বিগুণ চ্যালেঞ্জিং হতে চলেছে।

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়াম থেকে আয়ের জন্য নতুন চ্যানেলগুলোকে এখন থেকে দ্বিগুণ ওয়াচ আওয়ার পূরণ করতে হবে। আগামী ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী, মনিটাইজেশন পেতে হলে ক্রিয়েটরদের গত এক বছরে ৮ হাজার ওয়াচ আওয়ার থাকতে হবে। পাশাপাশি, যারা শর্টস ভিডিও তৈরি করেন, তাদের গত তিন মাসে ২ কোটি শর্টস ভিউজ বা মতামত পূরণ করতে হবে। এর আগে এই শর্তে ৪ হাজার ওয়াচ আওয়ার অথবা ১ কোটি শর্টস ভিউজের নিয়ম ছিল।

তবে স্বস্তির বিষয় হলো, এই নতুন নিয়মের কোনো প্রভাব ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত থাকা পুরনো ক্রিয়েটরদের ওপর পড়বে না। এই কড়াকড়ি কেবল সেসব নতুন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে, যারা আগামী দিনে এই প্রোগ্রামে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন।

এদিকে ইউটিউব শুধু নিয়ম কঠিনই করেনি, বরং কম শর্টস ভিউ থাকা ক্রিয়েটরদের কথা মাথায় রেখে বিকল্প আয়ের সুযোগ চালুর ঘোষণা দিয়েছে। এর মধ্যে ইউটিউব শপিং-সংযুক্ত বোনাস, ব্র্যান্ড ডিলের জন্য ইনসেন্টিভ এবং নতুন ট্রেন্ড এগিয়ে নিয়ে যাওয়া ক্রিয়েটরদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ রাখা হয়েছে।

শর্টসের মনিটাইজেশনের ক্ষেত্রেও কড়াকড়ি আনা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শর্টসের মাধ্যমে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন রেভিনিউ শেয়ারিং চালু রাখতে হলে ক্রিয়েটরদের প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ প্রমাণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই ভিউ না পেলেও ক্রিয়েটররা প্রোগ্রাম থেকে পুরোপুরি বাদ পড়বেন না, তবে কাঙ্ক্ষিত ভিউ অর্জিত না হওয়া পর্যন্ত তাদের আয় বন্ধ থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ