খুলনা | মঙ্গলবার | ১৮ অগাস্ট ২০২৬ | ৩ ভাদ্র ১৪৩৩

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ট্রাইব্যুনাল

খবর প্রতিবেদন |
০২:২১ পি.এম | ১৮ অগাস্ট ২০২৬

 

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজিজ আহমেদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা জানতে পেরেছি আজিজ আহমেদ বর্তমানে মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় এই প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হলো। আমরা আশা করছি, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।’

চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত ওই চিঠিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে এই প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে নিয়মিত অবহিত করতেও বলা হয়েছে পুলিশ সদর দফতরকে।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে বিজিবি ও পুলিশের অভিযান এবং পরবর্তী সহিংসতার ঘটনায় আজিজ আহমেদ বিজিবির তৎকালীন মহাপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

সম্প্রতি জুলাই আন্দোলনের পর এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ এবং জাহাঙ্গীর কবির নানক।

তালিকায় আরও রয়েছেন- সাবেক মন্ত্রী ডা. দিপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির এবং সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

প্রসিকিউশন জানিয়েছে, আজিজ আহমেদ ছাড়াও মামলায় অভিযুক্ত অন্য যারা বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন, তাদের ফিরিয়ে আনতেও পর্যায়ক্রমে একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ