খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

ইয়াবাসহ বিক্রেতা আটক

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ১৮ অগাস্ট ২০২৬


পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বি (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গাঁজাসহ আটক মোঃ ইউনুছ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ভান্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টুকু ফরাজীর বাড়ির সামনে ইটসোলিং রাস্তা থেকে ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া এলাকার সোয়েব হাওলাদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ ইউনুছ শরীফকে আটক করা হয়। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি এলাকার হক শরীফের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার আটক ইউনুছ শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ