খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

চিতলমারীতে মামলা করায় হামলায় উভয়পক্ষের চার নারী আহত

চিতলমারী প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে কুলসুম বেগম (৩০) নামে এক গৃহবধূর উপর প্রতিপক্ষরা হামলা করেছে। হামলায় কুলসুম বেগম ও তাঁর বড় বোন নাসিমা বেগম (৩৫) আহত হয়েছেন। এ সময় রোপা বেগম (৩১) ও রাজিয়া বেগম (৩৮) নামে প্রতিপক্ষের দুই গৃহবধূও আহত হন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুলসুম বেগম দক্ষিণ শিবপুর মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী কবির মোল্লার স্ত্রী। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। 
স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে কুলসুম বেগম জানান, তিনি তাঁর বাবা আব্দুল মালেকের কাছ থেকে জায়গা কিনে সেই জায়গায় পাকা ইমারত তৈরি করে বৃদ্ধা মা লাইলী বেগম, শিশু কন্যা লামিয়া ও মিমকে নিয়ে বসবাস করে আসছেন। সেই জায়গার সামনে জোর পূর্বক দখল করে রাসেল মোল্লা ও তাঁর লোকজন ইমারত গড়ছেন। এ নিয়ে বহুবার সালিশী বৈঠক হয়েছে। কিন্তু কোন প্রতিকার না হওয়ায় থানায় মামলা করলে রাসেল মোল্লা তাঁর লোকজন নিয়ে মারপিট করে তাকে ও তার বোনকে রক্তাক্ত জখম করেছে এবং তার হাত ভেঙ্গে দিয়েছে।  
রাসেল মোল্লা বলেন, ‘ফুফাতো বোন মঞ্জিলার কাছ থেকে আমি ২.৬০ শতক জায়গা কিনেছে। সেই জায়গায় গৃহ নির্মাণ করতে গেলে কুলসুম ও তাঁর লোকজন নির্মানাধীন ওয়াল ভেঙ্গে ফেলে। এ সময় তাদের মারপিটে আমাদের পক্ষের দুই নারী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।   
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় জানান, মারপিটে উভয়পক্ষের আহত ৪ নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মঙ্গলবার দুপুরে কুলসুম বেগম (১৩নং) একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীরা আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

প্রিন্ট

আরও সংবাদ