খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

কাউখালীতে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


পিরোজপুরের কাউখালীতে ভাতের চাল কম রান্না করায় বৃদ্ধা মা কানন বালা (৬৫) কে পিটিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় কানন বালার ছেলে সৃজন বালা (৩০) কে গ্রেফতার করেছে কাউখালী থানার পুলিশ। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের মৃত কানন বালার বসতঘরের মধ্যে গত ১৬ আগস্ট রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কানন বালার ভাই প্রদীপ মিস্ত্রি জানান, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে সৃজন বালা তার মাকে মারধর করে। তিনি বলেন, রবিবার রাতে সুজনের মা একবেলা খাবারের জন্য দেড় পট চাল রান্না করে। তবে কেন দুই পট চাল রান্না করেনি এই নিয়ে ঝগড়া হয় মায়ের সাথে ছেলের। একপর্যায়ে ছেলে সুজন মা কানন বালাকে কাঠের ডাসা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করে। এতে কানন বালা গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোমবার ভোর ৬টার দিকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টায়  কানন বালার মৃত্যু হয়। 
এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল কোতোয়ালি থানার পুলিশ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে সৃজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা দায়ের করেন। কাউখালী থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লা বলেন, হত্যাকান্ডের পর অভিযান চালিয়ে সুজন বালাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ঘটনা স্বীকার করেছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়েরে করেছে। মঙ্গলবার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ