খুলনা | বুধবার | ১৯ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলাল

মৎস্য সম্পদ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে

রূপসা প্রতিনিধি |
০২:০৬ এ.এম | ১৯ অগাস্ট ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মাছ অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে মৎস্য খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো মানুষ জড়িত। তাই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবী ও মৎস্য চাষিদের জীবনমান উন্নয়নে সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। শুধু পুকুরে মাছ চাষ করলেই হবে না, দেশের নদী, খাল-বিল, হাওড়-বাওড়সহ প্রাকৃতিক জলাশয়গুলোও মাছের প্রজনন ও বিচরণের উপযোগী রাখতে হবে। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্য চাষি, জেলে, কৃষক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ করতে হবে, প্রজনন মৌসুমে আইন মেনে চলতে হবে এবং জলাশয়ে বর্জ্য ও দূষিত পদার্থ ফেলে মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
এমপি গত সোমবার দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপন কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, মৎস্য চাষিদের সম্মাননা প্রদান ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকার কৃষক, জেলে ও মৎস্যচাষিদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করবে। কৃষি ও মৎস্য খাতকে শক্তিশালী করতে উৎপাদনমুখী কৃষক ও মৎস্যচাষিদের সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, উৎপাদন উপকরণ সহজলভ্য করা এবং উৎপাদিত মাছ ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও মৎস্যচাষিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পান, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 
হেলাল বলেন প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার সময় প্রকৃত জেলেরা যেন কষ্টে না থাকেন, সেজন্য সরকারি সহায়তা যথাযথভাবে তাদের কাছে পৌঁছাতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ সময়ে মাছ ধরা, কারেন্ট জালসহ ক্ষতিকর জাল ব্যবহার এবং ছোট মাছ নিধন বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে নদী-খাল ও বিলের দখল-দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলি। বিশেষ অতিথির রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিবুল মল্লিক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, জেলে, কৃষকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। পরে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো, দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্য চাষিদের উৎপাদনে উৎসাহিত করতে তাদের সম্মাননা প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ