খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

নৌকা ও ১৬৭ কেজি মাছ জব্দ

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৪ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৪ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের কলাগাছিয়া সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লেবুবুনিয়া খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান কালে তাদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, নিষিদ্ধ জাল এবং ১৬৭ কেজি মাছ উদ্ধার করা হয়।
আটক জেলেরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মৃত নেছার উদ্দিন গাজীর ছেলে গোলাম মোস্তফা গাজী (৬৪), মোঃ শওকত গাজীর ছেলে মাহফুজুর রহমান (৪০), শামসুল গাজীর ছেলে আল আমিন গাজী (৪০) এবং মৃত মজিবর রহমানের ছেলে  ইয়ারুজ্জামান ঘরামী (৪৩)।
বন বিভাগ সূত্র জানায়, সুনির্দিষ্ট পারমিট (পাস) ছাড়া কয়েকজন জেলে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের বিশেষ টিম রাতে লেবুবুনিয়া খালে অভিযান চালায়। এ সময় লেবুবুনিয়া খাল থাকা একটি সন্দেহভাজন ডিঙি নৌকাকে চ্যালেঞ্জ করেন বনকর্মীরা। পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৬৭ কেজি সাদা মাছ ও চিংড়ি উদ্ধার করা হয়। একই সাথে মাছ শিকারের কাজে ব্যবহৃত অবৈধ জাল ও ডিঙি নৌকাটি জব্দ করে বন কর্মীরা। 
কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ওসি সুলজ কুমার দ্বীপ চার জেলে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বন বিভাগ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ