খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী |
১২:৫৪ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভাপতি জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম বন্ধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পথশিশুসহ সকল শিশুর উন্নয়নে বাগেরহাটে একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশু শ্রমিক নিয়োগকারীদের আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলে মিলে কাজ করলে শিশুশ্রম নিরসন সম্ভব। এই চ্যালেঞ্জ সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করা প্রয়োজন। শিশুশ্রম নিরসণে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে তিনি সংশ্লিষ্টদের আহŸান জানান।
সভায় খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আতিকুজ্জামান, সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সেখ আসাদুর রহমান, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা অংশ নেন। সভায় শিশুশ্রম বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান।
সভায় বাগেরহাট জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ ও পরিদর্শন, শিশুশ্রমে নিয়োজিতদের ডাটাবেজ তৈরি, প্রচার-প্রচারণা, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিশুদের শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে তাদের উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে ভর্তি করে শিক্ষা প্রদান করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ