খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় সার্জিকাল ক্লিনিক বন্ধ ঘোষণা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৯ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


সাতক্ষীরায় লাইসেন্সবিহীনভাবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে শহরের পলাশপোল এলাকার ‘সার্জিক্যাল’ নামের একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ক্লিনিকটির মালিক আক্কাস আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
অভিযানকালে ক্লিনিকটিতে কোনো চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি। লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি বন্ধ ঘোষণা করেন এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির অনুমোদন ও কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলোও যাচাই করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ  জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন,২০১৯ সালের পর থেকে সার্জিক্যাল ক্লিনিকের লাইসেন্স আর নবায়ন করা হয়নি। ফলে অনুমোদন বিহীনভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে সার্জিকাল ক্লিনিক বন্ধ ঘোষণা ও ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ