খুলনা | শুক্রবার | ২১ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

তিন সচিবের দপ্তর বদল

খবর প্রতিবেদন |
০৮:১৯ পি.এম | ২১ অগাস্ট ২০২৬


প্রশাসনে আবারও তিন সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব পদে রদবদল করা হয়েছিল। ওই সময় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়।

একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সেদিনই আরেক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এর ১১ দিনের মাথায় রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করার মধ্য দিয়ে সচিব পর্যায়ে নতুন করে দপ্তর পুনর্বিন্যাস করা হলো।

প্রিন্ট

আরও সংবাদ