খুলনা | শনিবার | ২২ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

খুলনায় নদীতে পর্যটকবাহী নৌকা ডুবি, নৌ পুলিশের তৎপরতায় রক্ষা ৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক |
০১:২৩ এ.এম | ২২ অগাস্ট ২০২৬

 

খুলনার কয়রা উপজেলার সিংহেরটেক এলাকায় রাই নদীতে সুন্দরবন ঘুরে ফেরার পথে পর্যটকবাহী একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। নৌকায় থাকা নয়জনই নদীতে পড়ে গেলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত বা নিখোঁজ হননি।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল দিবাকালীন নৌ টহলে ছিল। এ সময় ৯৯৯ নম্বরে খবর আসে, সিংহেরটেক এলাকায় রাই নদীতে পর্যটকসহ একটি নৌকা ডুবে গেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টহল দল।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির এসআই এসএম দিদারুল ইসলামের নেতৃত্বে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।

ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, তিনজন নৌকাটি ধরে নদীতে ভাসছেন। অপর ছয়জন নদীর মধ্যে থাকা গাছের ডাল আঁকড়ে ধরে আছেন। পরে নৌ পুলিশের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে টহল নৌকায় তুলে নেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নৌকার মাঝি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকার কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল হাসান (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহীন (২৫), ইমামুল হোসেন (২৫), যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকার মো. গালিব (২৫) ও মো. আব্দুল্যাহ (২২)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শুক্রবার দুপুর সাড়ে ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। ঘোরাফেরা শেষে বিকেল সোয়া ৫টার দিকে সিংহেরটেক এলাকায় রাই নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তারা নদীতে পড়ে যান।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়। তাদের তৎপরতায় নয়জনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

প্রিন্ট

আরও সংবাদ