খুলনা | শনিবার | ২২ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ২২ অগাস্ট ২০২৬


কুমিল্লার দাউদকান্দিতে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাঞ্জুল হাসান (২৬) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গৌরীপুরের কাশিফুল উলুম মাদরাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাঞ্জুল হাসান চাঁদপুর সদর উপজেলার কুমরুয়া গ্রামের বাসিন্দা। তিনি গৌরীপুরের কাশিফুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ভুক্তভোগী ছাত্র একই মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাত আড়াইটার দিকে ওই ছাত্র মাদরাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় মাঞ্জুল হাসান কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তিনি ছাত্রটিকে বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে আরো বলা হয়, ঘটনার পর থেকে ছাত্রটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে অভিযুক্তের ভয়ে সে বিষয়টি পরিবারের সদস্যদের কাছেও গোপন রাখে। গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসায় সে আত্মহত্যার চেষ্টা করলে কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।
ভুক্তভোগীর মা বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের ভয়ে সে কাউকে কিছু জানায়নি। পরে আত্মহত্যার চেষ্টা করার সময় পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম বলেন, বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ