খুলনা | শনিবার | ২২ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে আ’লীগ নেতার মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ২২ অগাস্ট ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের ডোবা থেকে নায়েব আলী (৬০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী ধজনগর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বাড়ির পাশের কলাবাগানে যান নায়েব আলী। রাতে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। বাগানের পাশে তার ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্বজনদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে শুক্রবার বেলা ১১টার দিকে ওই জিনিসপত্র পাওয়ার সূত্র ধরে পাশের ডোবায় তল্লাশি চালিয়ে নায়েব আলীর মরদেহ দেখতে পায় পরিবার। স্বজনদের অভিযোগ, তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।
নিহতের ছোট ভাই ও সাবেক সেনাসদস্য মনির হোসেন জানান, কিছুদিন আগে স্থানীয় মাদক কারবারিদের আস্তানা উচ্ছেদে নেতৃত্ব দিয়েছিলেন নায়েব আলী।
পরিবারের ধারণা, মাদক কারবারি কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়ে তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাত ও কালশিটের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ