খুলনা | শনিবার | ২২ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়াল গোবিপ্রবির ২ বিভাগের শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ২২ অগাস্ট ২০২৬


ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এ সময় বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনাটি ঘটে। 
শিক্ষার্থীরা জানান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্বাগত মণ্ডল ডিবেটিং সোসাইটি ও আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পরে মেসেঞ্জারে ইমন হোসাইন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজকে হুমকি দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মারধরের জন্য খুঁজতে থাকেন। একপর্যায়ে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, “ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে। আমরা পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে আর কোনো সমস্যা নেই, পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।”

প্রিন্ট

আরও সংবাদ