খুলনা | শনিবার | ২২ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

ধর্ষক সুমনকে আটক করেছে পুলিশ

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

মোংলা প্রতিনিধি |
০১:৪৬ এ.এম | ২২ অগাস্ট ২০২৬


মাছ দেয়ার লোভ দেখিয়ে মৎস্য ঘেরে নিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় সুমন নামের এক যুবকের বিরুদ্ধে। গত ১৬ আগস্ট মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার ৯নং ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার দুপুরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন সিকদারকে আটক করে। সে একই এলাকার কাঞ্চনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সুমন ১৩ বছরের ওই কিশোরীকে মাছ দেয়ার কথা বলে একটি মৎস্য ঘেরে ডেকে নিয়ে যায়। সেখানে নির্জনতার সুযোগে সে কিশোরীকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে পরিবারের সদস্যরা মোংলা থানা পুলিশের স্মরণাপন্ন হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, ধর্ষণের শিকার কিশোরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মামার কাছে বসবাস করে। ওই কিশোরী শাপলা তোলার জন্য গত ১৬ আগস্ট দুপুরে একই এলাকার একটি মাছের ঘেরে যায়। সেখানে মাছ দেয়ার কথা বলে ডেকে ঘেরের ভেড়িবাঁধে নিয়ে কিশোরীকে মুখ চেপে ধরে ধর্ষণ করে সুমন। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় ধর্ষক যুবক। কিশোরীও ভয়ে তার মামা-মামীকে না জানিয়ে বিষয়টি গোপন রাখে। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামীর জিজ্ঞাসাবাদে শুক্রবার দুপুরে ঘটনাটি স্বীকার করে। এরপর কিশোরীর মামা শিপন বাদী হয়ে বিকেলে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলেই পুলিশ সুমন শিকদারকে এলাকা থেকে আটক করে। আটক সুমন সিকদারকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান। 

প্রিন্ট

আরও সংবাদ