খুলনা | রবিবার | ২৩ অগাস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৪

খবর প্রতিবেদন |
০৬:৪৫ পি.এম | ২২ অগাস্ট ২০২৬


ভারতের বিহার রাজ্য থেকে বাংলাদেশে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলি পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। মুর্শিদাবাদ জেলায় পরিচালিত অভিযানে ১০টি পিস্তল, সাতটি খালি ম্যাগাজিন ও ২১০ রাউন্ড তাজা গুলিসহ তৃণমূল কংগ্রেসের (টিএমসি) এক যুবনেতাসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মুর্শিদাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শচীন মক্কার জানান, নির্বাচনসংক্রান্ত একাধিক সহিংসতায় যুক্ত থাকার অভিযোগে পলাতক ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবনেতা পাপাই ঘোষ। গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, পরে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে শুক্রবার বহরমপুরে পাপাই ঘোষের বাসভবনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন ও ১৭০ রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি আরও তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে জেলার জলঙ্গি এলাকায় শক্তিপুর থানা পুলিশ দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে। ওই স্থান থেকে আরও পাঁচটি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়। উদ্ধারকৃত ১০টি পিস্তলের মধ্যে দুটি ৯ এমএম, ছয়টি ৭ এমএম এবং দুটি দেশি পিস্তল রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, এসব আগ্নেয়াস্ত্র বিহার থেকে কিনে মূলত সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। জেলাটিতে এই চলতি মাসেই এটি আগ্নেয়াস্ত্র চালানের দ্বিতীয় ঘটনা।

এর আগে, গত ১২ আগস্ট জিয়াগঞ্জ থেকে সাতটি পিস্তল ও ৩৫ রাউন্ড গুলিসহ বেশকিছু সামরিক সরঞ্জাম এবং ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯ এমএম পিস্তল উদ্ধার করেছিল সীমান্ত পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ