খুলনা | রবিবার | ২৩ অগাস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩

ভারতের মধ্যপ্রদেশে হাসপাতালের ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ২৩ অগাস্ট ২০২৬


ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) একটি ওয়ার্মারে আগুন লেগে তিন সদ্যোজাত শিশু দগ্ধ হয়েছে। শনিবার ভোরের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন শিশুকেই বিশেষ চিকিৎসার জন্য জবলপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়েছে।
শনিবার রাত প্রায় ১টা ৫০ মিনিটের দিকে এনআইসিইউর একটি ওয়ার্মারের হিটিং ইউনিটের ফিলামেন্টে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় ওয়ার্মারটিতে তিনটি নবজাতক শিশু ছিল। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীরা দ্রুত শিশুদের ওয়ার্মার থেকে বের করে আনেন এবং আগুন নিভিয়ে ফেলেন। পরে ছিন্দওয়াড়া জেলা মেডিকেল কলেজের ডিন ও মেডিকেল সুপারিনটেনডেন্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা দগ্ধ শিশুদের পরীক্ষা করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের জবলপুরে রেফার করা হয়।
হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে মোট ৩৩ জন নবজাতক ভর্তি ছিল। ওয়ার্মারে থাকা তিনটি শিশু দগ্ধ হলেও বাকি ৩০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
হাসপাতালের সিভিল সার্জন কাঞ্চন দুবে জানান, আগুনের শিখা দেখতে পাওয়ার পর কর্মীরা অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেন। চিকিৎসকদের তত্ত¡াবধানে এ্যাম্বুলেন্সে করে আহত শিশুদের জবলপুরে পাঠানো হয়। যাত্রাকালেও চিকিৎসকরা তাদের সঙ্গে ছিলেন।
দুর্ঘটনার পর হাসপাতালের কর্মীরা যন্ত্রাংশগুলো পরীক্ষা করেন এবং ওয়ার্মারসহ অন্যান্য সরঞ্জাম পরীক্ষার জন্য টেকনিশিয়ানদের ডাকা হয়। এনআইসিইউতে আগুন লাগার পর স্টাফদের তড়িঘড়ি শিশুদের বের করে আনার দৃশ্য দেখে অন্যান্য শিশুদের পরিবারের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সিভিল সার্জন কাঞ্চন দুবে প্রাথমিকভাবে এটিকে অবহেলা বলতে রাজি নন। তিনি বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তারা এসে নিজস্ব তদন্ত চালাবেন। আমি এখানে কোনো অবহেলা দেখছি না। এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’ এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে হাসপাতাল প্রশাসন । তদন্তে নবজাতক ইউনিটে স্থাপিত ওয়ার্মার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ