খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী আহত

পাইকগাছা প্রতিনিধি |
০৫:০০ পি.এম | ২৩ অগাস্ট ২০২৬


খুলনার পাইকগাছায় ক্লাসে চলাকালীন সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে আফিয়া ইভনাত আলভী (৭) নামের এক প্রথম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৪৭ নম্বর হাউলি প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত শিশু আলভী প্রতাপকাটি গ্রামের ইজিবাইক চালক মো. কুদ্দুস খানের কন্যা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও ক্লাসে পাঠদান চলছিল। হঠাৎ করেই চলন্ত অবস্থায় ক্লাসরুমের একটি সিলিং ফ্যান খুলে শিশু আলভীর মাথা ও নাকের ওপর পড়ে। এতে তার মুখ ও নাক থেঁতলে গিয়ে গুরুতর জখম হয়। সহপাঠী ও শিক্ষকদের চিৎকারে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যালয় থেকে আর্থিক সহযোগিতাসহ আহত ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোকারম গাজী জানান, তিনি বিষয়টি গুরুত্বের সাথে খোঁজখবর নিচ্ছেন।

এদিকে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, ছোট শিশু আলভীর এমন দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। বিদ্যালয়ে কোমলমতি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষক ও পরিচালনা কমিটির নৈতিক দায়িত্ব। অবহেলাজনিত এই দুর্ঘটনার জন্য আসলে কে দায়ী—প্রধান শিক্ষক নাকি পরিচালনা কমিটি? এমন প্রশ্ন তুলে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানান। একইসাথে, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ফ্যানসহ সকল বৈদ্যুতিক ও অবকাঠামোগত সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট

আরও সংবাদ