খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা, আগুন

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ‘অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে’ ৫০টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব হামলায় দু’জন আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের লক্ষ্যবস্তু ছিল সরকারি ভবন ও যানবাহন। দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সীমান্ত প্রদেশগুলোতে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে।
অধিকাংশ হামলার খবর পাওয়া গেছে নারাথিওয়াত প্রদেশ থেকে। এছাড়া বাকিগুলো পাশের ইয়ালা ও পাত্তানি প্রদেশে ঘটেছে। দেশটির গণমাধ্যম ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী, নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন।
বেশ কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করতে বাসিন্দাদের সতর্ক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 
নারাথিওয়াত প্রদেশে রাতভর কারফিউ জারি করেছিল সেখানকার কর্তৃপক্ষ। রোববার সকালে কারফিউ তুলে নেওয়া হয়। সেখানে নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো পক্ষ অগ্নিসংযোগের ঘটনার দায় স্বীকার করেনি।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে ২০০৪ সাল থেকে সংঘাত বিরাজ করছে। পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিদ্রোহীরা লড়াই করছে। এই সহিংসতায় এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে বারিসান রেভোলুসি নাসিওনাল।

প্রিন্ট

আরও সংবাদ