খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩

ঈদে মিলাদুন্নবীতে কারা ছুটি পাবেন, কারা পাবেন না

খবর প্রতিবেদন |
০১:৫৩ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


আগামী বুধবার (২৬ আগস্ট) সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে। দিনটি সরকারি সাধারণ ছুটি। ফলে সরকারি চাকরিজীবী, ব্যাংকার ও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি পাবেন।
তবে বেসরকারি অফিস, কারখানা, দোকান, শপিংমল কিংবা জরুরি সেবায় কর্মরত সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়।
প্রতিষ্ঠানের ধরন ও নিজস্ব ছুটির তালিকার ওপর নির্ভর করবে কে ছুটি পাবেন আর কাকে কাজে যেতে হবে।
সরকারি অফিসে ছুটি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। সরকারি ও আধা-সরকারি অফিসের পাশাপাশি সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি প্রযোজ্য। চাঁদ দেখা সাপেক্ষে এই ছুটির তারিখ নির্ধারিত হয়।
গত ১৩ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সে হিসাবে ১২ রবিউল আউয়াল পড়েছে ২৬ আগস্ট। ফলে বুধবারের ছুটি নিশ্চিত।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ : বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন সাধারণ ব্যাংকিং লেনদেন হবে না।
তবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও কার্ডভিত্তিক ডিজিটাল সেবা সাধারণভাবে চালু থাকবে।
স্কুল-মাদ্রাসায় ছুটি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশোধিত ছুটির তালিকাতেও ২৬ আগস্ট ছুটি রাখা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক এবং মাউশির আওতাধীন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এদিন পাঠদান বন্ধ থাকবে।
মাদ্রাসার শিক্ষাপঞ্জিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ ও ২৭ আগস্ট দুই দিনের ছুটি রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম স্কুল ও নিজস্ব শিক্ষাপঞ্জিতে পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নোটিশ দেখে ছুটির বিষয়টি নিশ্চিত হতে হবে।
বেসরকারি অফিসে সবাই কি ছুটি পাবেন? : সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও দেশের সব বেসরকারি প্রতিষ্ঠান ওই দিন বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে, এমন নিয়ম নেই।
বাংলাদেশ শ্রম আইনের ১১৮ ধারা অনুযায়ী, শ্রমিকরা বছরে পূর্ণ মজুরিতে ১৩ দিনের উৎসব ছুটি পাওয়ার অধিকারী। কোন কোন দিন এই ছুটি হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা মালিক নির্ধারণ করে।
তাই কোনো বেসরকারি প্রতিষ্ঠানের ঘোষিত উৎসব ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবী থাকলে কর্মীরা ছুটি পাবেন। তালিকায় দিনটি না থাকলে শুধু সরকারি সাধারণ ছুটি হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে ছুটি পাওয়ার সুযোগ নেই।
দোকান, শপিংমল ও রেস্তোরাঁ : সরকারি সাধারণ ছুটি মানেই দেশের সব দোকান, শপিংমল, রেস্তোরাঁ বা বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, এমন নয়। এসব প্রতিষ্ঠান নিজস্ব সাপ্তাহিক ও উৎসব ছুটির তালিকা অনুযায়ী খোলা বা বন্ধ রাখতে পারে। তাই যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা মার্কেটের ঘোষণা দেখে নেওয়া ভালো।
জরুরি সেবায় সবার ছুটি নয় : যেসব প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী পরিচালিত অথবা যেসব চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধি অনুযায়ী ছুটির সিদ্ধান্ত নেবে।
ফলে হাসপাতাল, আইনশৃঙ্খলা, অগ্নিনির্বাপণসহ জরুরি ও অত্যাবশ্যক সেবায় কর্মরতরা সাধারণ সরকারি অফিসের মতো সবাই একসঙ্গে ছুটি নাও পেতে পারেন। এসব ক্ষেত্রে রোস্টারের মাধ্যমে সেবা চালু রাখা হয়।
বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিন : সরকারি চাকরিজীবীদের জন্য বুধবার ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির পর বৃহস্পতিবার কর্মদিবস। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার অনুমোদিত ছুটি নিতে পারলে বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
ব্যাংকের ক্ষেত্রেও বুধবারের ছুটির পর বৃহস্পতিবার কার্যদিবস এবং শুক্রবার-শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
এক নজরে কারা ছুটি পাবেন নিশ্চিত ছুটি : সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী: বেসরকারি অফিস, কারখানা, শিল্পপ্রতিষ্ঠান, দোকান, শপিংমল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান।
কাজ চালু থাকতে পারে: জরুরি ও অত্যাবশ্যক সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
তাই ২৬ আগস্ট নিজের কর্মস্থল বন্ধ থাকবে কি না, বিশেষ করে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা বা অফিস আদেশ দেখে নিশ্চিত হওয়াই ভালো।

প্রিন্ট

আরও সংবাদ