খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

খুলনা চেম্বার অব কমার্সের বৈধ সদস্যদের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে বৈধ সদস্যদের অংশগ্রহণে আইন সম্মত নিরপেক্ষ নির্বাচনের দাবিতে খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পরিচালক প্রার্থী এম বদরুল আনাম খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ২ জানুয়ারি চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পান আব্দুল হাই মোঃ আনাস। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেন, যা ছিলো প্রতিষ্ঠানের সংবিধান বিরোধী। এ ব্যাপারে ব্যবসায়ী সমাজ মৌখিক প্রতিবাদ জানালেও তা আমলে নেওয়া হয়নি। এ অবস্থায় গত ৩০ ডিসেম্বর নতুন প্রশাসক হিসেবে যোগ দেন বিতান কুমার মন্ডল। তিনি মোঃ আরিফুল ইসলামকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করে একটি নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করেন। বাণিজ্য মন্ত্রণালয় গত ৭ এপ্রিল স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন কিন্তু চেয়ারম্যান প্রথমে নির্বাচন স্থগিত করেন এবং পরে নিজেই পদত্যাগ করেন।
এঅবস্থায় গত ৩০ এপ্রিল আবু সাইদ মোঃ মঞ্জুর আলম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ এবং তিনি গত ৫ মে মোঃ শাহিনুজ্জামানকে চেয়ারম্যান নিয়োগ করে একটি নতুন নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করেন। বোর্ড ২০ মে নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং নির্দিষ্ট তারিখে অস্তিত্বহীন সদস্যসহ সকল নতুন সদস্যদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রতাশ করে, যা প্রতিষ্ঠানের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। এর বিরুদ্ধে রিট পিটিশন করলে হাইকোর্ট এক মাসের নির্বাচনী স্থগিতাদেশ দেয়। স্থগিতাদেশ অতিক্রান্ত হলে বোর্ড ১১ আগস্ট সংশোধিত তফসিল ঘোষণা করে। 
তিনি আরও বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ আগস্ট যারা একাধিক পদে মনোনয়ন জমা দিয়েছেন তারা অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ অবস্থায় সকলের দাবি, আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে একটি আইন সম্মত নিরপেক্ষ ও সকলের গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে হবে।  

প্রিন্ট

আরও সংবাদ