খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

খুলনায় যুবলীগ কর্মী ইসমাইল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক |
০৬:৫৬ পি.এম | ২৪ অগাস্ট ২০২৬

 

খুলনা নগরীর টুটপাড়া এলাকার যুবলীগ কর্মী ইসমাইল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. ফারদিন খানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার তাঁদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি হলেন মো. রায়হান মোল্লা ও সাইফুল হাওলাদার। এ সময়ে তাঁদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, তিনটি শটগানের গুলি, বিভিন্ন মোবাইল অপারেটরের ৯টি সিমকার্ড ও শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানি’র লোগো-সংবলিত ৫টি গেঞ্জি উদ্ধার করা হয়।

জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসী ফারদিন খানকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গতকাল রোববার বিকেলে টুটপাড়া মেইনরোডে পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে। পরবর্তী সময়ে তার দেখানো পথ অনুসরণ করেই রাত সাড়ে ১২টার কিছুক্ষণ পর লবণচরা থানা এলাকা থেকে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, রায়হান মোল্লার কাছ থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি এবং সাইফুল হাওলাদারের কাছ থেকে শটগানের তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, আসামি ফারদিন খানের বিরুদ্ধে ৪টি হত্যা, ১টি অস্ত্র, ১ মাদক ও ১টি অন্যান্য মামলা রয়েছে। সব বিষয় খাতিয়ে দেখা হচ্ছে।

কেএমপির উপকমিশনার মো. রেজাউর রহমান জানান, হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্য ও পরবর্তী তদন্তের সূত্র ধরে তিন আসামির নাম-ঠিকানা পাওয়া যায়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক-কাণ্ড ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসমাইলকে হত্যা করে দুর্বৃত্তরা। গ্রেপ্তার সন্ত্রাসীরা গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

প্রিন্ট

আরও সংবাদ