খুলনা | মঙ্গলবার | ২৫ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

বাগেরহাটে শিশু হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৩:০১ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


বাগেরহাটের ফকিরহাটে শিশু হত্যার দায়ে মোসাঃ রিকু বেগম (৬০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার বাগেরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক ফাইজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত মোসাঃ রিকু বেগম উপজেলার মূলঘর গ্রামের মোঃ বাবর আলী শেখের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্র“য়ারি বিকেলে ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মাসুদ শেখের ৫ বছর বয়সী ছেলে সাজ্জাত হোসেন নিখোঁজ হয়। পরদিন স্থানীয় শামীম নামের এক ব্যক্তির ঘেরের পাশে পরিত্যক্ত কচুরিপানার মধ্য থেকে সাজ্জাতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সাজ্জাতের বাবা মাসুদ শেখ রিকু বেগমকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাসুদ শেখ অভিযোগ করেন, রিকু বেগম তার ছেলেকে গলা টিপে হত্যা করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ আলতাফ হোসেন বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। তিনি পলাতক রয়েছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ