খুলনা | মঙ্গলবার | ২৫ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে মিডিয়া অংশীজনদের সংলাপ

‘জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ’

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৭ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিম‚লক ও জেন্ডার-সংবেদনশীল গণমাধ্যম গড়ে তুলতে খুলনায় গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
‘সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেসক্লাব এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন। সংলাপটি পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র অধ্যয়ন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।
খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সরোয়ার বলেন, “গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। তাই সংবাদে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর উপস্থাপনে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম বলেন, “বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এ ধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা পর্যালোচনা এবং আরও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে।”
সমাপনী বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, “জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করতে এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা, বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হবে। আমরা চাই, এ সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন চর্চায় বাস্তব পরিবর্তন আনুক।”
পিআইবি’র অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শারমিন বলেন, “জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ। উৎস নির্বাচন, ভাষা, ছবি এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি সিদ্ধান্তেই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ।”
সংলাপে প্রায় ৫০জন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী অংশ নেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত একটি চার বছর মেয়াদি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো গণমাধ্যম প্রতিষ্ঠান ও পেশাজীবীদের জেন্ডার-সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ হুসাইন শাকির, মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মোঃ তাফহীম, ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রুপা।

প্রিন্ট

আরও সংবাদ