খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপি’র সভাপতি এড. মনা

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে নগর বিএনপি দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
০৬:৩৫ পি.এম | ২৫ অগাস্ট ২০২৬


খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দু’টি বিশেষ মানবিক উদ্যোগ ও রোডম্যাপ ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রত্যক্ষ চিকিৎসাসেবা প্রদানের বিশদ পরিকল্পনা প্রকাশ করেন মহানগর বিএনপি’র সভাপতি কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, খুলনা মহানগরের একাধিক হাসপাতাল, ক্লিনিক ও সেবা কেন্দ্র থাকা সত্ত্বেও হঠাৎ রোগী বৃদ্ধির কারণে চিকিৎসক ও পরামর্শের ঘাটতি, সেবা পেতে বিলম্ব এবং ল্যাব টেস্টের বিড়ম্বনা দেখা দিচ্ছে। একই সাথে দৈনিক উপার্জনকারী নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠে এসেছে। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল হিসেবে নাগরিকদের পাশে দাঁড়াতে দুটি পৃথক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। প্রথমত, ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে মশক নিধনে ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ/কীটনাশক সরবরাহ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সাথে নিয়ে জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে। স্থানীয় স্কুল-কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যৌথ সহযোগিতায় রক্তের গ্র“প ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, আক্রান্ত রোগীদের প্রত্যক্ষ চিকিৎসাসেবার লক্ষ্যে জরুরি ক্ষেত্রে বাড়িতে চিকিৎসক পরামর্শ, অবস্থা বুঝে ওষুধ সরবরাহ ও সার্বক্ষণিক আপডেট রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় কমপক্ষে একটি ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডে ২০ শয্যা ও ছোট দুটি ওয়ার্ড মিলে সমমানের সেবাকেন্দ্র প্রস্তুতের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি সেন্টারে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় সরঞ্জাম, রক্তের গ্র“প ম্যাচিং সুবিধাসহ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর টাঙানো থাকবে এবং স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক কাজ করবে।
উদ্যোগগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে খুলনা মহানগর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একটি শক্তিশালী পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। মেডিক্যাল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয়ে কাজ করবেন ডাঃ রফিকুল হক বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের দায়িত্বে থাকছেন মাসুদ পারভেজ বাবু।
সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ বিভিন্ন থানা ও স্থানীয় বিএনপি সভাপতি কে এম. হুমায়ুন কবির (সদর), হাফিজুর রহমান মনি (সোনাডাঙ্গা), মুর্শিদ কামাল (দৌলতপুর), এড. মোহাম্মদ আলী বাবু (খালিশপুর) এবং কাজী মিজানুর রহমান (খানজাহান আলী) অন্তর্ভুক্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে এড. শফিকুল আলম মনা অতীত স্মরণ করে বলেন, ২০০১ সালের করোনা মহামারীর সময়ও মহানগর বিএনপি ভেন্টিলেশন, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, চিকিৎসাসেবা ও খাদ্য সহায়তার মাধ্যমে নগরবাসীর পাশে দাঁড়িয়েছিল। দলটির নেতারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দলীয় ভেদাভেদ ভুলে যেকোনো মানবিক সংকটে জনগণের সেবা নিশ্চিত করতে মহানগর বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ডাঃ রফিকুল হক বাবলু, ডাঃ মোস্তফা কামাল, ডাঃ এস এম আক্তারুজ্জামান, ডাঃ হাফিজ, ডাঃ মশিউর রহমান, শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, আক্তারুজ্জামান তালুকদার সজিব, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, এড. হালিমা আক্তার খানম, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন  এবং ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ