খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

খবর প্রতিবেদন |
১১:১৪ পি.এম | ২৫ অগাস্ট ২০২৬


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। তিনি গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা ছিল। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ওসি দাউদ হোসেন বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের এ‍্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, তিনি গুলশান থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। 

প্রিন্ট

আরও সংবাদ