খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

খুলনায় নানা আয়োজন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৩ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একইদিনে তিনি ইন্তেকাল করেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করেন। নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করে থাকেন মুসলিমরা। 
দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)।
মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সাঃ)-কে দুনিয়ায় প্রেরণ করেন।
মহানবী (সাঃ) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন।
পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, ‘মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীই সৃষ্টি করতেন না’। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের (পবিত্র ঈদে মিলাদুন্নবীর) গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম স¤প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান অনুরূপ বাণী দিয়েছেন।
কর্মসূচি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সাঃ)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানসহ সারাদেশে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশও নানা কর্মসূচি ঘোষণা করেছে। 
রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মত প্রধান শহরগুলিতে সুষ্ঠু ও নিরাপদে জামাত ও শোভাযাত্রা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশে সরকারি ছুটি।
আজ সকাল থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা এবং কালিমা তাইয়্যেবা লেখা ব্যানার ও পতাকা দিয়ে সাজানো হবে।
এ উপলক্ষে দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু নিবাস ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করবে।
খুলনা : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালনে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং বেসরকারি সংস্থাসমূহ নিজ নিজ উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। জেলার সকল মসজিদে জেলা ও উপজেলা প্রশাসন এবং মসজিদ কমিটির সহযোগিতায় নিজস্ব ব্যবস্থাপনায় দোয়া। সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইসলামিক ফাউন্ডেশনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনী, কর্ম ও শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ^ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া, হামদ-নাত, কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশুদের জন্য হামদ-নাত, মহানবীর জীবন ও কর্মভিত্তিক কবিতা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দিবস উপযোগী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হবে। 
বিকেল পাঁচটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনী এবং কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হবে।
খুলনা প্রেসক্লাব : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে আজ দুপুর ১২টায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ