খুলনা | শুক্রবার | ২৮ অগাস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি |
০২:৫৫ এ.এম | ২৮ অগাস্ট ২০২৬


গোপালগঞ্জে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্ত্রী আরজিনা বেগম বলেন, সকালে তার স্বামী ছেলেকে নিয়ে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পান। পরে স্বজনরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও দু’জনকেই আর বাঁচানো যায়নি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, কৃষি জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী। এ সময় এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ