খুলনা | শুক্রবার | ২৮ অগাস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভায়

রাসূলের (সাঃ) আদর্শে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহবান মনার

খবর বিজ্ঞপ্তি |
০৩:০১ এ.এম | ২৮ অগাস্ট ২০২৬


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
সভাপতির বক্তব্যে মনা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মানবতার মুক্তির দূত। তাঁর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। রাসূলের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো তাঁর শিক্ষা, ন্যায়, সাম্য, মানবিকতা ও আদর্শকে ধারণ করে দেশ ও সমাজ পরিচালনায় ভ‚মিকা রাখা। রাসূল (সাঃ)-এর আদর্শ অনুসরণ করেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং দল ও দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে। খুলনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনা বলেন, নগরীতে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে বিএনপি মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ইতোমধ্যে ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে মাঠে কাজ শুরু করেছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তার বিষয়ে তিনি বলেন, খুলনা-২ ও খুলনা-৩ আসনে দু’টি ডেডিকেটেড হাসপাতাল বা পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে খুলনা বিশেষায়িত হাসপাতালে ৫০টি বেডের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডগুলোতে বিএনপি নেতাদের যোগাযোগের ফোন নম্বর সম্বলিত ব্যানার টানানো হবে। রোগীদের রক্ত, এ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তায় বিএনপি নেতাকর্মীরা সর্বাত্মকভাবে পাশে থাকবেন।
করোনা মহামারির সময় বিএনপি’র মানবিক কার্যক্রমের কথা তুলে ধরে মহানগর বিএনপির সভাপতি বলেন, করোনার কঠিন সময়ে বিএনপি অক্সিজেন সিলিন্ডার, খাদ্য ও অন্যান্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। একই ভাবে ডেঙ্গু দুর্যোগেও খুলনাবাসীর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর শানে দরুদ পাঠ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফারুক হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল হাছান বাপ্পী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ