খুলনা | শনিবার | ২৯ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

বগুড়ায় শিশুকে কুপিয়ে হত্যা, যুবককে গণপিটুনিয়ে দিয়ে পুলিশে সোপর্দ

খবর প্রতিবেদন |
০২:০২ এ.এম | ২৯ অগাস্ট ২০২৬


বগুড়ার নন্দীগ্রামে ৭ বছর বয়সী এক মেয়ে শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জযুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।  নিহত আমেনা খাতুন (৭) ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত আবু হোসাইন (৩৫) একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ির বাইরে খেলছিল আমেনা। এ সময় তাকে দেখে হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে হোসাইন। ধারালো দা দিয়ে কুপিয়ে জখম ও লাঠি দিয়ে শিশুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।  শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেছেন, আটক যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হবে। সে মানসিক ভারসাম্যহীন কিনা, তা যাচাই এবং তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।  শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা রেকর্ড হবে।

প্রিন্ট

আরও সংবাদ