খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার, তবে এনসিপির অনুষ্ঠানের ‘অনুমতি’ নেই

খবর প্রতিবেদন |
০৫:৪৪ পি.এম | ২৯ অগাস্ট ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের কথা জানায় সংগঠনটি। এর ফলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজনে আর কোনো বাধা রইল না।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গতকাল শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

এমতাবস্থায় শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠান স্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে দুপুরে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদে দেওয়া তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।

তবে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু  রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলার মিলনায়তন কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।

প্রিন্ট

আরও সংবাদ