খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিশাত আফিফা নিহত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


পিরোজপুরের ভান্ডারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিশাত আফিফা (২৮) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকালে বিএড পরীক্ষার ভাইভায় অংশ নিতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে পিরোজপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত আফিফা ভান্ডারিয়া উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ইংরেজি) হিসেবে কর্মরত ছিলেন। 
জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে বিএড পরীক্ষার ভাইভায় অংশ নেওয়ার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভান্ডারিয়া থেকে পিরোজপুরের দিকে রওনা হন নিশাত আফিফা। পথে চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও তিন বছর বয়সী একটি শিশুসন্তান রেখে গেছেন। নিশাত আফিফার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ