খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

চোখের চিকিৎসার জন্য ঢাকায় নেমেই ছিনতাইকারীর হাতে জীবন শেষ লাশ হয়ে ফিরলেন শিক্ষিকা

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রধান শিক্ষক রনজিনা পারভীন রুলি (৫৭)। হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ‎শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। উপজেলার দড়ি সোনাকানিয়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের মেয়ে। শ্বশুরবাড়ি গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ গ্রামে। স্বামী আবদুল মতিন বগুড়া নিউ মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। তাদের একমাত্র মেয়ে রাইসা নবম শ্রেণিতে পড়ে। বগুড়া শহরের রহমাননগর এলাকায় বসবাস করেন তারা।
নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, ‘চোখের চিকিৎসার জন্য আমার বোন ও তার স্বামী আবদুল মতিন শুক্রবার রাত ১২টার বাসে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আজ (শনিবার) ভোরে ঢাকায় পৌঁছে তারা রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রনজিনার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি রিকশা থেকে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জাহিদুল ইসলাম বলেন, ‘আমার বোনের মরদেহ নিতে আত্মীয় স্বজন ঢাকায় গেছেন। ময়নাতদন্তের পর তাদের কাছে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। তার মৃত্যুতে শুধু পরিবারে নয়; স্কুলের সহকর্মী, শিক্ষার্থী ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রোববার বাদ জোহর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’
গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রনজিনা পারভীন ১৯৮৮ সালের জানুয়ারি মাসে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। পরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন।
বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, ‘ওই শিক্ষিকার মৃত্যুর কথা জেনেছি। স্বজনদের বলেছি, আইনি কোনও সহায়তা লাগলে আমাদের জানালে আমরা সহযোগিতা করবো।’
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা ওই মোটরসাইকেল ও ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করতে পারবো।’

প্রিন্ট

আরও সংবাদ