খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে তিন উপ-কমিটি গঠন

পরাজিত অপশক্তিরা নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে, ক্ষোভ খুলনা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত এবং দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত অপশক্তি নানামুখী গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। তারা বলেন, দেশ যখন একটি নতুন সম্ভাবনাময়, সাম্য ও বৈষম্যহীন ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরাজিত চক্রান্তকারী চক্রটি নানা ধরনের গুজব, প্ররোচনা, উসকানি এবং অন্তর্ঘাতমূলক অপকর্মের মাধ্যমে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে কোনো চক্রান্তই জনগণের গণতান্ত্রিক পথচলাকে রুখতে পারবে না।
শনিবার বেলা সাড়ে ১১টায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে খুলনা মহানগর বিএনপি’র যৌথ প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন। 
মহানগর বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ যৌথ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।
সভায় সর্বসম্মতিক্রমে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় এবং তা সফল করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। 
কর্মসূচির মধ্যে ১ সেপ্টেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মহানগর বিএনপি, সকল থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় সমূহে আকর্ষণীয় আলোকসজ্জা। বিকেল ৩টায় খুলনা নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। 
মহানগরীর অন্তর্গত প্রতিটি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব ব্যানার ও মিছিলসহকারে নির্ধারিত সময়ে সমাবেশস্থলে সমবেত হবেন। 
জিয়া হল চত্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি। প্রধান বক্তা থাকবেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আলী আসগর লবী এমপি, আমির এজাজ খান এমপি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ বক্তা থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। যৌথভাবে সঞ্চালনা করবেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। 
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে ৩টি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে: ব্যবস্থাপনা উপ-কমিটি : আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সাজসজ্জা উপ-কমিটি : আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব ইঞ্জিঃ নুরুল ইসলাম বাচ্চু। শৃঙ্খলা উপ-কমিটি : আহবায়ক শেখ সাদী ও সদস্য সচিব আব্দুল আজিজ সুমন।
যৌথ সভায় নগরীর ২১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে সন্ত্রাসীদের ককটেল ও নাশকতামূলক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, ধিক্কার ও নিন্দা প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, শান্ত খুলনাকে অশান্ত করতে ও আতঙ্ক সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারী ও এর পেছনে থাকা মূল অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানান নেতারা। একইসাথে সভা থেকে অভিযোগ করা হয়, ককটেল হামলার ঠিক পূর্বে যারা পরিকল্পিতভাবে মিছিল বের করেছিল এবং উদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান করেছিল, তাদের কর্মকান্ড অত্যন্ত সন্দেহজনক। উক্ত মিছিলে বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও অনুসারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তসহ ওইসব চক্রান্তকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সভায় বক্তৃতা করেন মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সৈয়দা রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সৈয়দা নার্গিস আলী, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, মজিবর রহমান, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান তালুকদার সজিব, ইঞ্জি, নুরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, আবু সাঈদ শেখ, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, মতলুবুর রহমান মিতুল, রবিউল ইসলাম রুবেল, মো. তাজিম বিশ্বাস, রকিবুল ইসলাম মতি, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কে এম জলিল, শেখ আদনান হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ