খুলনা | রবিবার | ৩০ অগাস্ট ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩

দিঘলিয়ার সেনহাটী ইউপির আলোচিত চেয়ারম্যান জিয়া গাজী বরখাস্ত

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৫৪ এ.এম | ৩০ অগাস্ট ২০২৬


দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান জিয়া গাজীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। উন্নয়ন কাজ সম্পন্ন না করে চূড়ান্ত বিল পরিশোধের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 
প্রজ্ঞাপন জানা যায়, সেনহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাস্তবায়নাধীন দ’টি উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান সংশ্লিষ্ট ঠিকাদারকে ওই প্রকল্পগুলোর চূড়ান্ত বিল পরিশোধ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি গত ১৬ মার্চ ২০২৬ এবং ২৯ মার্চ ২০২৬ তারিখে দু’টি প্রকল্পের বিল পরিশোধ করেন।
স্থানীয় সরকার বিভাগের মতে, উত্থাপিত অভিযোগের প্রেক্ষাপটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জিয়া গাজীর ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং সংশ্লিষ্ট কার্যক্রম ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। দিঘলিয়ার সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইতিপূর্বে আলোচিত এই চেয়ারম্যান ২০১৬ সালে দুস্থদের ১৪০ বস্তা চাল আত্মসাতের দায়ে তৎকালীন ইউএনও আব্দুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং-০৫। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাটির তদন্তে থাকাকালীন সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এ ছাড়াও তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষককে লাঞ্ছিত ও চাঁদাবাজি মামলার বাদীকে মারধরের অভিযোগ রয়েছে। চন্দনীমহল ইয়াসিন হত্যা মামলার ৪ নং আসামি ছিলেন এই চেয়ারম্যান। ২০২০ সালে অবৈধ  সুবিধা না পেয়ে উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনাও রয়েছে। এছাড়া পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেও লাঞ্ছিত করে গাজী জিয়া।
২০২৪ সালে চন্দনীমহল কাঁটাবন এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছিল এই চেয়ারম্যান। সেই ঘটনায় বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন মামলা নং-০৩। সর্বশেষ ২০২৫ সালের মার্চ মাসে যৌথবাহিনী তাকে নগরীর শিরোমনি এলাকা থেকে আটক করে চালান দেয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ