খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল জনপ্রিয় ইউটিউবার

খবর বিনোদন |
০৩:৩৯ পি.এম | ৩০ অগাস্ট ২০২৬


ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে এক বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় ইউটিউবার আস মোহাম্মদ। যিনি ‘ইউকে রাইডার আাশু’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুর মাত্র একদিন আগে বাইকটি কিনেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বছর।

গত শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে দেরাদুনের সাহাসপুর এলাকার বল্লমপুর-পাওন্তা মহাসড়কের হিন্দুওয়ালা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার প্রায় ২২ লাখ টাকা দামের নতুন কাওয়াসাকি নিনজা জেডএক্স-টেনআর সুপারবাইকটি কিনেছিলেন। শুক্রবার সকালে নতুন বাইক নিয়ে দেরাদুন থেকে পাওন্তা সাহেবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দুর্ঘটনায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে।

খবর পেয়ে সাহাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সাহাসপুর কোতোয়ালির ইনচার্জ প্রদীপ সিং রাওয়াত বলেন, ‘আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। বাইকটি নিজে নিয়ন্ত্রণের হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে, নাকি অন্য কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটেছিল তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

জনপ্রিয় ইউটিবারের মৃত্যুর খবরে তার পরিবার ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আস মোহাম্মদ বিভিন্ন দামি ও স্পোর্টস বাইক নিয়ে ভ্লগ তৈরি করতেন। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার ১০ লাখেরও বেশি অনুসারী ছিল। তিনি রুরকির বধেহেরী রাজপুতানার বাসিন্দা। 

প্রিন্ট

আরও সংবাদ