খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

নড়াইলে স্বামীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি |
০১:০৬ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


নড়াইলের লোহাগড়ায় মফিজার মোল­া নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ফাতেমা বেগম ভাটগাতী গ্রামের নিহত মফিজার মোল­ার স্ত্রী। অপর গ্রেফতার মশিয়ার রহমান একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ এপ্রিল রাতে মফিজার মোল্যাকে তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও মশিয়ার রহমান বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ফাতেমা ও মশিয়ারের মধ্যে অনৈতিক সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এলাকায় জানাজানি হয়। ঘটনার কয়েক দিন পর তাঁরা দু’জন বিয়ে করে সংসার জীবন শুরু করেন। বিষয়টি নিয়ে শনিবার দুপুরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। শনিবার রাতে নিহত মফিজার মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় তাঁর মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উলে­খ করে আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নিহতের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ