খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জেলা প্রশাসকের উঠান বৈঠক

দিঘলিয়া প্রতিনিধি |
০১:০৮ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


দিঘলিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে মিজ্ হুরে জান্নাত বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের সমস্যা। এসব প্রতিরোধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কোথাও বাল্যবিবাহ বা নারী-শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকে আরও সচেতন হতে হবে। নারী ও শিশুর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। তিনি নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদি হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন এবং উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা পুষ্পেন্দু দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ। বৈঠকে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী-শিশুর অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ