খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

বেনাপোলে ফর্কলিফট দুর্ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত

বেনাপোল প্রতিনিধি |
০১:১২ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ক্রেন দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।
জানা যায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৯২৫)-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে ট্রাকে মালামাল লোড করার সময় স্লিপ করে একটি ভারী যন্ত্রাংশ আক্তারুলের ওপর পড়ে। এতে তার বুকে মারাত্মকভাবে আঘাত লাগে এবং ছিদ্র হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত ডাক্তার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং সেখানে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
বেনাপোল স্থল বন্দরের ৯২৫ এর শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান (তবি) বলেন, বন্দরে পণ্য আনলোড করার সময় অসাবধানবশতঃ ফর্কলিফট থেকে ছিটকে একটি যন্ত্রাংশ শ্রমিক আক্তারুলের ওপর পড়ে। এতে সে মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রিন্ট

আরও সংবাদ