খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

সারাদেশে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১০৯৭

খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেলো আরও একজনের, নতুন আক্রান্ত ২৪৩

নিজস্ব প্রতিবেদক |
০২:০৭ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ১৯৪ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৪৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক হিসেবে খুলনা জেলায় সর্বোচ্চ ১১৩ জন (সরকারি ৬৪ ও বেসরকারি ৪৯) রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন।
বিভাগের অন্যান্য জেলার মধ্যে যশোরে ২৩, বাগেরহাটে ১৪, মাগুরায় ১৩, কুষ্টিয়ায় ৯, সাতক্ষীরায় ৮ (মেডিকেল কলেজসহ ১৫), ঝিনাইদহে ৬, নড়াইলে ৫, চুয়াডাঙ্গায় ৫ এবং মেহেরপুরে ২ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭২৬ জন। পুরো বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২০ জন, যার মধ্যে কেবল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ১৭ জন। বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
সারাদেশে ঝরে গেলো ৩ প্রাণ হাসপাতালে ভর্তি ১০৯৭ : দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৯৭ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ডেঙ্গুতে এ নিয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চলতি মাসেই মারা গেছে ৩৯ জন।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮২, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয় ১০৯ ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাইরে ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, খুলনায় ২৪৩, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ৭৬, রংপুরে ছয় ও সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৪ হাজার ৬৮৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ১৮৮ জন আর গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৩ জনের। এর মধ্যে চলতি মাসে ৩৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্র“য়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ