খুলনা | সোমবার | ৩১ অগাস্ট ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩

কুয়েটে বর্ণিল আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালনের প্রস্তুতি

খবর বিজ্ঞপ্তি |
০২:৩২ এ.এম | ৩১ অগাস্ট ২০২৬


খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে উদযাপিত হবে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে ইতোমধ্যে কুয়েট ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন সাজে সাজছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ। পাশাপাশি দিনব্যাপী কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এবারের বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের আইডিএম-এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী।
সকাল ৯টায় অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ র‌্যালি, স্টল পরিদর্শন, ‘কুয়েটের অর্জন (ঐতিহ্য ও ভবিষ্যৎ)’ বিষয়ক উপস্থাপনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেলে রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় আয়োজন। বিকেল ৩টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় পোস্টার/প্রজেক্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। একই সময়ে দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাবসমূহ উন্মুক্ত থাকবে। বিকেল ৪টায় শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় বিশ্ববিদ্যলয়, দেশ ও জাতির কল্যাণে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
এছাড়া, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন আয়োজন ও কর্মসূচিকে ঘিরে মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিবসটির বর্ণিল আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয় দিবসের দিন কুয়েট ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছে বিশ্বদ্যিালয় প্রশাসন।
 

প্রিন্ট

আরও সংবাদ