খুলনা | মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩

শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

খবর প্রতিবেদন |
১২:৫৬ এ.এম | ০১ সেপ্টেম্বর ২০২৬

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১০টা ২০ এর দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং আরও কয়েকজন সদস্য আহত হন।

দুর্ঘটনায় নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল।

আহতদের মধ্যে করপোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে নিহতদের রাখা হয়েছে ও আহতদের বর্তমানে চিকিৎসা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ