খুলনা | মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩

নিজ জেলায় পদায়ন হবেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ০১ সেপ্টেম্বর ২০২৬


কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের (ব্লক সুপারভাইজার) নিজ জেলায় পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যথাসম্ভব তাদের নিজ বাড়ির একেবারে কাছাকাছি পদায়ন না করে জেলার অন্য এলাকায় দায়িত্ব দেয়া হবে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের যারা কৃষিতে কাজ করেন একদম ফিল্ড লেভেলে, যাদের আমরা ব্লক সুপারভাইজার বা মোটামুটি সহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, তাদের আগের যে সিস্টেম ছিল তাতে তারা নিজ জেলায় কাজ করতে পারতেন না।’
তিনি বলেন, ‘এটা ২০২০ সাল থেকে চালু ছিল। কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা নিজ জেলায় পদায়ন হবেন। যথাসম্ভব একদম ঠিক বাড়িতে হবেন না, কাছাকাছি জায়গায় থাকবেন, যেন তারা বেশি আউটপুট দিতে পারেন, বেশি সময় দিতে পারেন এবং দায়বদ্ধতা বাড়ে। এই উদ্দেশ্যে গভর্নমেন্ট এই কাজটা করেছে।’
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নির্দিষ্ট কৃষি ব্লকে দায়িত্ব পালন করেন। কৃষকদের কৃষি প্রযুক্তি ও পরামর্শ দেয়া, ফসল উৎপাদনের সমস্যা চিহ্নিত ও সমাধানে সহায়তা করা এবং কৃষি স¤প্রসারণ কার্যক্রম বাস্তবায়নে তারা সরাসরি কাজ করেন।
এর আগে, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলার বাইরে পদায়নের নির্দেশনা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ের এসব কর্মকর্তা নিজ জেলার মধ্যে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

প্রিন্ট

আরও সংবাদ