খুলনা | বুধবার | ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩

অর্থনীতি পুনরুদ্ধারে সরকার নিরলস ভাবে কাজ করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
০২:২১ এ.এম | ০২ সেপ্টেম্বর ২০২৬


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান সরকার সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাত দিনই সরকার জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দুস্থ ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
মঙ্গলবার দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পিরোজপুরের উন্নয়ন প্রসঙ্গে আহম্মদ সোহেল মনজুর বলেন, অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়মের অবসান ঘটিয়ে জেলায় বন্ধ থাকা উন্নয়নকাজগুলো দ্রুত পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যথাযথ মান বজায় রেখে কাজ বাস্তবায়ন করা হবে।
সামাজিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এসব সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে নিজে কী পেলেন-সেটি বড় বিষয় নয়; বরং সমাজ ও রাষ্ট্রকে কী দিতে পারলেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপি’র আহবায়ক আঃ মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মল্লিক জোমাদ্দার। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ