খুলনা | শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০২:৪১ পি.এম | ০২ সেপ্টেম্বর ২০২৬

 

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে তাঁরা। নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে এবং মানিক বাছাড়ের স্ত্রী ও ২ সন্তান রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতে দুই সহোদরের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুই ভাইয়ের মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মেহেদী হাসান ইয়াদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিহতদের পরিবারের পাশে রয়েছে। পরবর্তীতে সরকারি যেকোনো সাহায্য-সহযোগিতা পাওয়ার ক্ষেত্রেও উপজেলা বিএনপি তাদের পাশে থাকবে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে পরিবারটিকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ