খুলনা | শুক্রবার | ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩

প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারবে না

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৪ এ.এম | ০৪ সেপ্টেম্বর ২০২৬


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, ‘প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান দিতে পারবে না। তিনি আরও বলেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। পুষ্টিকর খাবার নিশ্চিত করার মাধ্যমে শিশুদের সুস্থতা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শেখার সক্ষমতা বাড়ানোই স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য। 
তিনি বলেন, প্রতিটি শিশুর পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে কোন ধরণের অনিয়ম, অবহেলা বা নিম্নমানের খাবার সরবরাহের সুযোগ দেওয়া হবে না। এ কর্মসূচিতে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ আরও বেশি বাড়ানো হবে। 
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিকর খাবার তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করছে, যা শেখার সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।  প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষায় বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে। এই বিনিয়োগের মূল উদ্দেশ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং প্রতিটি শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা, তার পুষ্টি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে একটি দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা।
স্কুল ফিডিংয়ে মান নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কোনো খাবার নিম্নমানের, পচা বা অনুপযুক্ত মনে হলে তা গ্রহণ না করে ফেরত দিতে হবে এবং সাথে সাথে সংশ্লিষ্ট সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে। সরবরাহ ব্যবস্থায় অনিয়ম বা নিম্নমানের খাবারের অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর বারী সড়ক সংলগ্ন অভিযাত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। 
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) মোঃ মতিয়ার রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মোঃ মাসুদ হোসেন, খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। 

প্রিন্ট

আরও সংবাদ