খুলনা | শুক্রবার | ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩

মৎস্য অবমুক্তকালে নগর বিএনপি’র সভাপতি এড. মনা

মৎস্যখাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ০৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের আপামর মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযোগের সমন্বয় ঘটানো গেলে এই খাতের উৎপাদন সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মহানগর বিএনপি’র উদ্যোগে বিএল কলেজ পুকুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শফিকুল আলম মনা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ সমাজকে বেকার না রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। যুব সমাজ যদি স্বাবলম্বী হতে আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষে এগিয়ে আসে, তবে দেশ থেকে যেমন দ্রুত বেকারত্ব দূর হবে, তেমনি স্থানীয় পুষ্টির চাহিদা মিটিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশে দেশকে সমৃদ্ধ, সবুজ ও খাদ্য উৎপাদনে স্বনির্ভর করতে আমরা দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করে যাচ্ছি। বিএনপি সব সময় সাধারণ মানুষের মৌলিক অধিকার ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূলের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে দেশজুড়ে নদ-নদী, খাল-বিলে আমাদের এই গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
একই সময়ে দৌলতপুর ডে-নাইট কলেজ ও হাঁস পুকুরে পোনা মাছ অবমুক্তকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা খুলনা অঞ্চল প্রাকৃতিক সম্পদ ও মৎস্য সম্পদে সমৃদ্ধ। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, চরম অব্যবস্থাপনা, খাল-বিল অবৈধ দখল এবং জলাশয় ভরাট করার কারণে আমাদের প্রাকৃতিক মৎস্য সম্পদ ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান জনবান্ধব সরকার হারানো প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও জলাশয় উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই সাধারণ মানুষের কল্যাণে বাস্তবসম্মত প্রকল্প বাস্তবায়ন করেছে।
কর্মসূচিতে বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম উপস্থিত থেকে দলীয় এই জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া কর্মসূচিতে খুলনা মহানগর বিএনপি, থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। নেতৃবৃন্দ সম্মিলিতভাবে বিএল কলেজ, ডে-নাইট কলেজ ও হাঁস পুকুরে বিভিন্ন প্রজাতির রুই, কাতলা ও মৃগেল পোনা অবমুক্ত করেন। তারা এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ