খুলনা | শনিবার | ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩

খুলনায় দুই মাদক কারবারীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |
০৭:৫১ পি.এম | ০৪ সেপ্টেম্বর ২০২৬

 

নগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় নৈশকালীন চুরির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা দুই মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা ১০ মিনিটে পর্যন্ত এ উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক মাদক ব্যবসায়ীর স্ত্রী ও ভাইকে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শেষ রাতে (আনুমানিক রাত ৩টা থেকে ৫টার মধ্যে) বি কে মেইন রোডস্থ বড় মসজিদের পাশে অবস্থিত ‘মা টেলিকম’-এর মালিক মিলন মন্ডল এবং পার্শ্ববর্তী ‘আলতাফ স্টোর’-এর মালিক মোঃ আলতাফ হোসেনের দোকানে চুরি সংঘটিত হয়। চোরেরা রাতের আঁধারে দোকান দুটি থেকে বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, বি কে মেইন রোডস্থ ইসমাইল মঞ্জিলের বাসিন্দা মৃত ইসমাইলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী পরাগ (৪৪) নিজ বাড়িতে নিয়মিত মাদকের আসর ও বেচাকেনা চালিয়ে আসছিল। পরাগের কাছ থেকে মাদক কিনতে দূর-দ‚রান্ত থেকে আসা উশৃঙ্খল যুবক ও মাদকসেবীরা ওই এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
দোকান চুরির ঘটনায় চরম বিক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে এলাকার সর্বস্তরের মানুষ পরাগের ‘ইসমাইল মঞ্জিল’ ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পরাগের স্ত্রী মিতা (৩৬) ও ভাই সৌরভকে (৩৮) পুলিশের হাতে তুলে দেয়। এরপর বিক্ষুব্ধ জনতা মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডস্থ সাহেব আলী মোড়ের অপর চিহ্নিত মাদক ব্যবসায়ী জ্যোতি (পিতা: মৃত হিমু)-র বাড়িতে চড়াও হয় এবং তাঁর বসতঘরের থাই গ্লাস ভাঙচুর করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়া এই এলাকায় চুরির ঘটনা নিত্যদিনের ব্যাপারে পরিণত হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ ও স্থায়ী উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। চুরির ঘটনা ও অনাকাক্সিক্ষত ভাঙচুরের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ